নিউজটি শেয়ার করুন

ইলিশের আশায় সাগর পানে জেলেরা!

সিপ্লাস প্রতিবেদক: ৬৫ দিন নিষেধাজ্ঞার পর বঙ্গোপসাগরে শুরু হলো মাছ ধরা ।চট্টগ্রামের কাট্টলী বিচে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানান প্রজাতির সামুদ্রিক মাছ।

ব্যবসায়ীরা বলছেন, অনেক দিন বন্ধ থাকার পর মাছ ধরা শুরু হয়।  সামনে আরো বাড়বে ইলিশের সরবরাহ। কমবে দামও। ফলে যে ক্ষতি হয়েছে তা ইলিশের মাধ্যমে কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের।

সাগরে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরাও। তারা মনে করেন, গেল বছরের তুলনায় এবার আরো লাভবান হওয়া যাবে।

চট্টগ্রাম মহানগর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম  বলেন, “বৃষ্টির সাথে ঢলের পানিও আছে। এই সময় ইলিশের সাইজ অনেক বড় হয়। আজ খবর পেলাম চাঁদপুরের দিকে যা ধরা পড়ছে সব এক কেজির উপরের ইলিশ। আশা করছি এবার মাছ বড় হবে।

ট্রলার থেকে নামিয়ে ঠেলা বা ভ্যানে করে এসব ইলিশ আনা হয় ফিশারিঘাটে। মান ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে তিনশ থেকে আটশ  টাকা পর্যন্ত। সামনে ইলিশের দাম আরো কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামের ফিশারিঘাটে এখন ইলিশের সরবরাহ কম থাকলেও ভরা মৌসুমে ১০০ টনের বেশি ইলিশ মাছ বিক্রি হয়।

ইলিশ কিনতে এসে এক ক্রেতা জানান, ঘাটে ও বাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখা গেলেও দাম অনেক বেশি। তবে আশা করি সামনে মাছের দাম আরও কমবে।