সিপ্লাস প্রতিবেদক: হালিশহর থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি ইয়াবার মামলায় মো. মুসলিম ও মো. সাইফুল ইসলাম নামে দুই ভাইকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ভাই নগরীর হালিশহরের বউবাজার আমতল এলাকার ভোলা ডাক্তারের বাড়ির মো. শফির ছেলে।
আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ জানান, ২০১৫ সালের ২১ মে হালিশহর থানায় ৮০০ ইয়াবা উদ্ধারের মামলায় আদেশে মো. মুসলিমকে ৬ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মো. সাইফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।








