Site icon CPLUSBD.COM

ইয়াবাসহ দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) ও শাহানুর আলম রাসেল নামে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এরআগে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার তরিকুল ইসলাম শেরপুর পৌর কমিটির আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি। তিনি পৌর শহরের শ্রীরামপুরপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে ও শাহানুর আলম রাসেল নয়াপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে। তিনি স্বেচ্ছাসেবকলীগ কর্মী।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন খবরে উত্তর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে বিশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।