লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় এক মোটরসাইকেল চালককে ২৮৫ পিচ ইয়াবাসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
এ সময় তার মোটরসাইকেলটিও আটক করা হয়।
বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে লামার ইয়াংছা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আকরাম হোসেন (৩২) লামা বাজার পাড়ার ৩নং ওয়ার্ড এর মৃত জয়নাল আবেদীন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লামা চকরিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ইয়াংছা চেকপোস্ট পার হওয়ার সময় তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞেস করা হয়। পরে সন্দেহ হওয়ায় তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে চেক করা হয়। চেক করতে গিয়ে তার মোটরসাইকেলের সীট কভারের ভিতরে পাওয়া যায় ইয়াবা। পরক্ষণে আসামী পালিয়ে যাওয়ার চেস্টা করলে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘ইয়াংছা চেকপোস্ট থেকে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

