Site icon CPLUSBD.COM

‘ইয়ে লো আজাদি’, বলে সিএএ বিরোধী মিছিলে প্রকাশ্যে গুলি চালাল যুবক

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরুদ্ধ মিছিল চলাকালীন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সরাসরি গুলি চালিয়েছে এক যুবক।

বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল করে যাচ্ছিলেন জামিয়ার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। সেই সময়ই ওই মিছিল লক্ষ্য করে পিস্তল তাক করেন এক যুবক। ‘ইয়ে লো আজাদি’ বলেই আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। তাতে শাদাব নামের জামিয়ার এক ছাত্র আহত হয়েছেন।

গোটা ঘটনায় দিল্লি পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, মিছিল ঘিরে যাতে কোনোরকম অশান্তি না হয়, তার জন্য আগে থাকতেই জামিয়ার বাইরে পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেডও বসানো হয়। তাতে দমে না গিয়ে রাস্তার উপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরাপত্তা টপকে পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসেন অভিযুক্ত। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি।

সেইসময় তাকে বাধা দেওয়ার বদলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এরপর অভিযুক্ত ওই যুবকের গুলিতে একজন আহত হওয়ায় চরম উত্তেজনা তৈরি হয়। এক জোটে ঝাঁপিয়ে আন্দোলনকারীরাই অভিযুক্তকে ধরে ফেলেন। তার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম গোপাল। বয়স ৩১ বছর। কী উদ্দেশে তিনি মিছিলে চড়াও হন, মানসিক ভারসাম্যহীন কি না, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।