নিউজটি শেয়ার করুন

ই-কমার্সে গরু অর্ডার দিয়ে বাণিজ্যমন্ত্রী নিজেই ‘প্রতারিত’ হয়েছিলেন

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ই-কমার্সের একটি সাইটে কোরবানির গরু অর্ডার দিয়ে কাঙ্ক্ষিত গরু পাননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কোরবানির গরু অর্ডার দিয়ে নিজেই প্রতারিত হয়েছিলেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, আমি যে গরু অর্ডার দিয়েছি সেটি পাইনি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি গত কোরবানির ঈদের আগের কোরবানি ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠান উদ্বোধনকালে একটি গরুর জন্য এক লাখ টাকা দিয়েছিলাম। কিন্তু আমাকে যে গরুটি দেখিয়েছিল, আমি সেটি পায়নি। আমি নিজেই অর্ডার করে প্রতারিত হয়েছিলাম।’

তিনি বলেন, একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয় তার ভুক্তভোগী আমি নিজেই।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনীতি বড় হয়েছে, দুর্নীতিও বেড়েছে। ই-ভ্যালির মতো আর কোনো কোম্পানি যাতে গ্রাহককে ঠকাতে না পারে সে বিষয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, ই-কমার্স ব্যবসা বন্ধ করা যাবে না, তবে নজরদারির আওতায় নিয়ে আসা হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। সম্পদগুলোর দামও বেড়েছে অনেক। ন্যায্যমূল্যে বিক্রি করলেও যে টাকা পাওয়া যাবে তা দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে।” বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “আইনমন্ত্রী আমাকে বললেন এটা আদালতের বিষয়। কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।”

আয়োজনে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, “২০২০ সালের নভেম্বরে ইভ্যালির বিরুদ্ধে মামলা করা হয় কমিশনের পক্ষ থেকে। মামলাটা আদালতে চলমান। শিগগিরই রায় হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here