কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ঈদগাঁও বাঁশঘাটা ও দক্ষিণ মেহের ঘোনা এলাকায় পৃথক দূর্ঘটনায় কায়সার ও আরফাত মনি নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে এ দূর্ঘটনা দুটি ঘটে।
নিহত কায়সার উদ্দিন (১২) জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড হাদমরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও আরফাত মনি (৮) ঈদগাঁও দক্ষিণ মেহের ঘোনা এলাকার মোঃ সেলিমের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কায়সার দুপুরে বাড়ী থেকে ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে গোসল করতে যায়। অনেকক্ষন ফিরে না আসায় বাড়ীর লোকজন খুঁজতে বের হয়, পরবর্তীতে এলাকাবাসীর চেষ্টায় পানির ভিতর থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
অপরদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও দক্ষিণ মেহের ঘোনা এলাকায় রাস্তা পারাপারের সময় আরফাত মনি নামের এক ছাত্র মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।
সদরের জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোক্তার আহমদ ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নারী মেম্বার জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দুই শিশুর অকাল মৃত্যুতে স্থানীয়, আত্মীয় স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।








