সেলিম উদ্দীন, ঈদগাঁও: দখল, দূষণ ও ভরাট প্রতিরোধ করে কক্সবাজারের ঈদগাঁও’র ঐতিহ্যবাহি নাশিখাল পুনঃখনন,সংস্কার, দু’পাশে ওয়াকওয়ে”সহ বেড়িবাঁধ নির্মাণ এবং পরিকল্পিত টেকসই উন্নয়ন সমন্বয়ের মাধ্যমে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে নাশিখাল সংরক্ষণ ও উন্নয়ন সমন্বয় কমিটি।
শনিবার(২১ আগস্ট) সকাল ১১ টায় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাশিখাল সউস কমিটির সভাপতি আলহাজ্ব ছৈয়দ আলম এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই গণস্বাক্ষর কর্মসূচির শুভসূচনা করেন।
পরে নাশিখালকে বর্জ্য -আবর্জনা ও দূষণমুক্ত রাখতে এবং ইকো রিভার টুরিজম পার্ক হিসেবে গড়ে তুলতে মেহেরঘোনা ব্রীজ এলাকায় একটি পর্যবেক্ষণ ছাউনী ও নৌঘাট স্থাপনের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিমপাশে নাশিখাল ও পল্লীবিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

নাশিখাল সউস কমিটির প্রধান সমন্বয়ক আজাদ মনসুর জানান, আগামী ৩০ আগষ্ট পর্যন্ত চলমান গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সংগৃহীত স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
ওই গণস্বাক্ষর কর্মসূচির শুভসূচনা ও প্রস্তাবিত নৌঘাট এলাকা পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাশিখাল সউস কমিটির সহ-সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পদক কাফি আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার হারুনর রশীদ, মাস্টার আবদুস সালাম, নির্বাহী সদস্য আবু তৈয়ব,ছৈয়দুল হক, জয়নাল আবেদিন, মোঃ শাহজাহান,আমান উল্লাহ,নুরুচ্ছফা,ডাঃ আলমগীর, ফরিদুল আলম সহ অসংখ্য স্থানীয় জনসাধারণ।
নাশিখালকে প্রাকৃতিক রূপে ফিরিয়ে এনে এই খালের জীবন্ত সত্ত্বা,প্রাণীবৈচিত্র্যতা রক্ষা,বিলুপ্তপ্রায় দেশী প্রজাতি মাছের প্রজননক্ষেত্র ও অভয়ারণ্যরক্ষা,কৃষিসেচ-গৃহস্থালী ও জনস্বার্থ ব্যবহার উন্মুক্তকরণ,বন্যা ও অতিবৃষ্টির পানি নিষ্কাশন, বিলুপ্ত নৌ চলাচল প্রতিস্থাপন”সহ বহুমাত্রিক সম্ভাবনাকে পরিবেশ, প্রকৃতি ও দেশের বৃহত্তর স্বার্থ কাজে লাগিয়ে নাশিখাল কেন্দ্রিক ইকো পার্ক হিসেবে গড়ে তুলতে গণস্বাক্ষর কর্মসূচিতে সকল দেশপ্রেমিক নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন নাশিখাল নউস কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক কাফি আনোয়ার।








