Site icon CPLUSBD.COM

ঈদগাঁও ইসলামাবাদে দুপক্ষে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ২০

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের হিন্দুপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ নারীসহ কমবেশি ২০ জন আহত হয়েছে।

২৫ এপ্রিল রোববার সকাল ১০ টা’য় ওই ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের দুর্গা মন্দিরের পার্শ্বে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঈদগাঁও থানা পুলিশের এসআই শামীম ও এসআই রেজাউল করিমের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

এ ঘটনায় আহতরা হলেন নুরুল ইসলামের ছেলে ও ইসলামাবাদ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, তাঁর বড় ভাই গোলাম কবির (৪৫), তার বড় ভাই রশিদ আহমদের স্ত্রী জুলেখা বেগম (৪৫), মেম্বারের ভাগিনা ও মোঃ হোছনের ছেলে ইমরান (২০) , সাবেকুন্নাহার, শুকলাল দত্ত , মাস্টার আনন্দ মোহনদের ছেলে সুমন কান্তি দে (৩৮), রবীন্দ্র দের ছেলে দিলীপ কান্তি দে, বিজয় কান্তি দে’র ছেলে হারাধন দে ও জীবন হরিদের ছেলে শম্ভু দে।

আহতরা সবাই ওই ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা এবং সকলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের অধিকাংশের পড়নের জামা কাপড় ছিঁড়ে গেলেও গুরুতর আহত হয়নি। তবে সাবেকুন্নাহার ও ইমরান উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আহত ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম জানান, তিনি তার সহকারী শুকলালের মাধ্যমে (ব্যক্তিগত উদ্যোগে) করোনাকালীন ঈদ উপহার বিতরণ করছিলেন। ওই ঈদ উপহার বিতরণকে কেন্দ্র করে ঘটনার দিন উল্লেখিত শুকলালের সাথে অপর সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী ও মাস্টার আনন্দ মোহনের ছেলে সুমন দের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে সুমন তাকে বন্দুকের নলের মুখে জিম্মি করে এবং ডেকোরেশেন বাবুল, কাজল ও কাঞ্চনের নেতৃত্বে আরো অনেকে তাকে বেধড়ক পিটাতে শুরু করেন। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা এগিয়ে এলে উল্লেখিতদের নের্তৃত্বে তাদের উপরও হামলা চালানো হয়। উভয়পক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক বলেন, ঘটনা যাতে আর বিস্তারলাভ করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে এবং তিনি পক্ষদ্বয়কে শান্ত থাকার আহবান জানান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম (কক্সবাজার সদর সার্কেল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শান্তি-শৃংখলায় কাজ করছে।