কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে ফাতেমা বেগম (৭৬) নামের এক বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের পাশের নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধা একই গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।
নিহতের মেঝ ছেলে শফি আলম বলেন, গত ২৯ সেপ্টেম্বর সকাল থেকে আমার মা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস মিলেনি। শুক্রবার সকালে হিন্দু পাড়ার দুলাল নদীতে গোসল করতে গিয়ে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আমার মায়ের মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহ উদ্ধারকারী ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম বলেন, বৃদ্ধা কিভাবে নিখোঁজ হলেন, কি করে নদীতে পড়লেন সবকিছু তদন্ত করে দেখছে পুলিশ।

