সেলিম উদ্দীন, কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের বাঁশঘাটায় ফার্নিচারের দোকানে আগুন লেগে ৫ দোকান ভস্মীভূত হয়েছে।
বুধবার(১১ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনাটি ঘটেছে।
অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে প্রাথমিকভাবে ধারনা করছেন ব্যবসায়ী মহল।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে ফার্নিচার ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে পুলিশ সূত্র জানিয়েছে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সেক্রেটারী রাজীবুল হক চৌধুরী রিকো জানান, রাত আনুমানিক সাড়ে ১২ টা’র দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।
এর কিছুক্ষনের মধ্যেই ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবদুল হালিমের নের্তৃত্বে একদল পুলিশ এবং কক্সবাজার ও রামু থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে।
সম্মিলিত প্রচেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে শাহজাহান ফার্নিচার মার্ট, দিদার ফার্নিচার মার্ট, হাজী নুর আহমদ ফার্নিচার গ্যালারী, আবছার ফার্নিচার মার্ট, এবং চাঁন মিয়ার ফার্নিচারের দোকান।








