Site icon CPLUSBD.COM

ঈদগাঁও মেডিকেল সেন্টারে হামলা, আহত ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালে একদল দুর্বৃত্ত হামলা করে লুটপাট চালিয়েছে।

এসময় হাসপাতালের ৩ কর্মী গুরুতর আহত হয়েছে এবং আনুমানিক ৩/৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার(১৭ এপ্রিল) রাত ৮টায় এ হামলার ঘটনাটি ঘটে।

ঈদগাঁও থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা সটকে পড়ে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, টমটম ড্রাইভার গিয়াস উদ্দীন, আব্দুল্লাহ ও লাইন্সম্যান আমিনের নেতৃত্বে দুর্বৃত্তরা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর উপর আক্রমণে উদ্যত হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিলে ওই ঘটনার সূত্রপাত হয়। প্রায় পৌণে এক ঘন্টা ধরে চলে ওই দূর্বৃত্তদের হামলা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে কেহ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ওই রোগীর নিরাপত্তা বিধানের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসাধীন রোগীর উপর দুর্বৃত্ত হামলা প্রতিহত করতে গিয়েই হাসপাতাল কর্মীরা আক্রমণের শিকার হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সিরাজুল হক জানান, রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিত অবস্থায় হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালাতে থাকে। হাসপাতাল কর্মীরা এতে বাধা দিলে শোরচিৎকার করে দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে ডাক্তারে চেম্বার, দরজার গ্লাস, ফ্রন্টডেক্স, কম্পিউটার, ক্যাশ ভাঙচুর করতে থাকে এবং হাসপাতাল কর্মী নুরুল ইসলাম, আমিনের উপর হামলা করে গুরুতর আহত করে।

হামলাকারীদের কয়েকজন শনাক্ত হয়েছে জানিয়েছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানায়।