নিউজটি শেয়ার করুন

ঈদগাঁহতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে কোরবানি পশুর হাট

কক্সবাজার প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে বাড়তি সতর্কতায় শুরু হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বৃহত্তম ঈদগাঁহ কোরবানির পশুর হাট ।

মঙ্গলবার(১৪) জুলাই থেকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বাড়তি সতর্কতা ও ক্রেতা-বিক্রেতাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বাজার এলাকার সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণসহ একাধিক সু-নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে কক্সবাজারের বৃহত্তম এই কোরবানির পশুর হাট।

জানা যায়, ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বসবে এই পশুর হাট। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের ভিড় সামলানো, বাজারে ঢুকা ও বের হওয়া মনিটরিং, তাপমাত্রা পরিমাপ করা, দুর-দুরন্ত থেকে আগত পশু বেপারীদের থাকার ব্যবস্থা, সার্বক্ষনিক মেডিকেল টিম সহ একগুচ্ছ পরিকল্পনা নিয়েই পশুর হাট শুরু হচ্ছে বলে জানান ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স আর.এন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রমজানুল আলম কোম্পানী।

অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখা ও অসুস্থ ব্যক্তি হাটে না আসা, ভিড় সামলানো সহ কয়েকটি বিধি নিষেধ প্রতিদিন মাইকে প্রচার করা হবে বলেও জানান।

সূত্রে প্রকাশ, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এই পশুর হাট ঈদগাঁহ বাসস্টেশন সংলগ্ন আরাকান সড়কের পাশাপাশি কলেজ গেইট এলাকার উন্মুক্ত স্থানেও বাজারটি সম্প্রসারিত হবে। করোনা মহামারির এই দুঃসময়ে সকল জল্পনা-কল্পনা শেষে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে সর্বসাধারণের সেবা করার মানসিকতা নিয়ে সরকারি বিধি মোতাবেক ঈদগাঁহ বাজারটি ইজারা নিয়েছেন বলে জানান, মেসার্স আর.এন এন্টারপ্রাইজের চেয়ারম্যান শহিদুল হক সোহেল।

অপরদিকে বিনামূল্যে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক বিতরণ, ১২টি স্থানে জীবানু প্রতিরোধক হাত ধোয়া ব্যবস্থা ও পশু কেনাকাটায় দিন-রাত ২৪ ঘন্টা পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়া জালটাকা শনাক্তের মেশিন বসানো, পশু গাড়ীতে উঠা-নামানোর ক্ষেত্রে উচু স্তুপের ব্যবস্থাসহ অনলাইনের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা রয়েছে বলে জানা গেছে।