কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহতে প্রবাহমান নদী দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল পাকা ভবন। ঈদগাঁহ বাসষ্টেশনের পশ্চিমদিকে নদীর দক্ষিণ তীর দখল করে এ ভবন তৈরী করছে জনৈক সিরাজ।
সরেজমিন দেখা যায়, বাস ষ্টেশন- ঈদগাঁহ বাজার সংযোগ সড়কের চাউল ব্যবসায়ী সিরাজ তার দোকানের পিছনে নদী দখল করে বহুতল ভবন নির্মান করছে। তীর দখলের পর নদীর মূল স্রোতধারার কাছেই ভবনের বিশাল সব পিলার স্হাপন করে নির্মিত হচ্ছে এ দালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শীতকালে নদীতে স্রোত না থাকার সুযোগে প্রথমে পলিথিনের ঘেরা দিয়ে নদী দখল নেয়। এরপর পাইলিং করে ভবন নির্মান কাজ শুরু করে।
সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা জানান, নদী দখল করে উক্ত ভবন নির্মানের ফলে বর্ষায় নদীর মূল স্রোতধারা বাঁধা পেলে দুই পার্শ্বে নদী ভাঙ্গন দেখা দিতে পারে। এতে উভয় তীরের সরকারী বেসরকারী স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
অবৈধ উক্ত ভবনের আনুমানিক ১শ গজ পূর্বেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁহ ব্রীজ। নদীর স্রোতধারা পরিবর্তন হলে আগামী বর্ষায় ঈদগাঁহ ব্রীজ ও মহাসড়কের অংশবিশেষ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
বাজারের ব্যবসায়ীরা জানান, অবৈধ এসব ভবনের ফলে প্রতি বর্ষায় বন্যার পানিতে দফায় দফায় ঈদগাঁহ বাজার প্লাবিত হয় ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়।
বৃহত্তর ঈদগাঁহ পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি হাফেজ নূরুল আলম বলেন, নদী দখল করে নির্মিত এসব স্হাপনার ফলে পরিবেশ প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে।
বাংলাদেশের নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ইসলাম মাহমুদ বলেন, নদী দখল ও পরিবেশ প্রকৃতির ক্ষতি করে কোন স্হাপনা হতে পারেনা। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি। ঈদগাঁহ নদী দখল করে অবৈধ স্হাপনা নির্মানের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত সিরাজ। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার সুইটি বলেন, নদী দখল করে অবৈধ ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।








