Site icon CPLUSBD.COM

ঈদের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না

সিপ্লাস ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এমন নির্দেশনা দিয়ে সাধারণ ছুটি বাড়ানোর আদেশ জারি করা হয়েছে। আদেশে ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। এই নির্দেশনার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যেখানে দায়িত্ব পালন করছেন সেই অঞ্চলের বাইরে যেতে পারবেন না।

আদেশে বলা হয়, ছুটিকালীন জনসাধারণ ও সকল কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। আগে ডাক সেবা ছুটির আওতামুক্ত ছিল না। এটি নতুন করে যুক্ত হয়েছে।

ছুটি বাড়ানোর আদেশে আরও বলা হয়, সকল মন্ত্রণালয়, বিভাগ, তাদের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুসারে খোলা রাখবে। সেই সঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছিল।