সিপ্লাস ডেস্ক: নিজ বাড়িতে এক নারী নৃশংসভাবে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ঈদের দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামে।
নিহত ছালেমা বেগম (৪৫) ৭ সন্তানের জননী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, শনিবার রাতে ওই গ্রামের কৃষক মিলন মিয়ার স্ত্রী ছালেমা বেগম তার কন্যা শান্তাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে কন্যার চিৎকার শুনে পাশের ঘরে ঘুমিয়ে থাকা মিলন মিয়াসহ প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখতে পান ছালেমা বেগমের গলা কাটা ও শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে নবীগঞ্জ হাসপাতালে নেওয়ার সময় মারা যান ছালেমা।
নিহতের স্বামী মিলন মিয়া পুলিশকে জানান, তার দুটি ঘর রয়েছে। তিনি একটি ঘরে শুয়ে ছিলেন। আরেকটি ঘরে ছালেমা ও শান্তা ঘুমিয়েছিল। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার স্ত্রীকে হত্যা করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে।
পুলিশ জানায় হত্যাকাণ্ডটি রহস্যজনক। স্বামীর সঙ্গে একই গ্রামের কয়েকজনের পূর্ব বিরোধ রয়েছে। স্বামীর বিরোধের জের ধরে ছালেমা বলি হলেন নাকি এই ঘটনার পেছনে অন্যকোন ঘটনা লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি জানান জিজ্ঞাসাবাদের জন্য ২ যুবককে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
খুব শীঘ্রই ঘটনার রহস্য বের হবে বলে আশাবাদী সার্কেল সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধূরী।








