সিপ্লাস ডেস্ক: ছুটিতে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা, চলাচলে কড়াকড়ির সঙ্গে ঈদ জামাত নিয়েও সতর্কবার্তা এসেছে।
আগের ছুটির ধারাবাহিকতায় ১৭ থেকে ২৮ মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২১ মে শবে কদর, ২২, ২৩, ২৯ ও ৩০ মের সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে ঈদুল ফিতরের সরকারি ছুটিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ‘ছুটির’ এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল ‘কঠোরভাবে’ নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তা ‘সতর্কভাবে’ বাস্তবায়ন করবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা এবং ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আগের মতই বহাল রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার বলেছিলেন, ঈদের আগের চারদিন, ঈদের দিন এবং ঈদের পরের দুইদিন- এই সাতদিন সব ধরনের যানবাহন চলাচলে কঠোরতা অবলম্বন করা হবে।
“এই সাতদিন প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনও চলাচল করতে দেওয়া হবে না। যে যেখানে অবস্থান করছেন, এবার সেখানেই তাকে ঈদ করতে হবে।”
এ বিষয়ে আদেশে বলা হয়েছে, সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
“উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যান্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন নামাজের ক্ষেত্রেও ‘বিদ্যমান বিধি-বিধান’ প্রযোজ্য হবে জানিয়ে আদেশে বলা হয়, “উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে “








