কত অদ্ভুত কাণ্ডের সাক্ষী হয় ক্রিকেট মাঠ। এক একটি ম্যাচ ঠাসা থাকে কত রেকর্ড, ঘটনা, আর স্মৃতিতে। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মার্শ কাপে সম্প্রতি মার্নাস লাবুসচাগনের ফিল্ডিং করতে গিয়ে প্যান্ট খুলে যাওয়ার ঘটনাটি নিশ্চিতভাবেই বহুদিন হাসির খোরাক জোগাবে ক্রিকেট ভক্তদের।
এমন অদ্ভুত কাণ্ড দেখে পুরো গ্যালারিতে হাসির রোল পড়লেও বিষয়টা কিছুটা অস্বস্তিরই ছিল লাবুসচাগনের জন্য।
কুইন্সল্যান্ড-ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচের ঘটনা। ভিক্টোরিয়ার ইনিংসের ২৯তম ওভার চলছিল। ব্যাটসম্যান সাদারল্যান্ড কভারের দিকে বল মেরেই রানের জন্য দৌড় দেন। কুইন্সল্যান্ডের ফিল্ডার মার্নাস লাবুসচাগনে ফিল্ডিং করছিলেন সেখানে। দেরি করেননি। বলটি ধরতে ঝাঁপ দেন লাবুসচাগনে, আটকে যায় হাতেই। তবে সেই কাজটি করতে গিয়ে মাঠের মধ্যেই খুলে যায় লাবুসচাগনের প্যান্ট। কিন্তু সেদিকে দৃষ্টি দিলে কি হবে? ব্যাটসম্যানকে তো আউট করতে হবে।
সেই অবস্থায়ই ইজ্জতের মায়া না করে লাবুসচাগনে বল ছুঁড়ে দেন উইকেটকিপারের হাতে। হাতে বল পেয়ে ভিক্টোরিয়ার ক্রিশ ট্রেমেনকে আউট করতে ভুল করেননি কুইন্সল্যান্ডের উইকেটরক্ষক।
লাবুসচাগনের প্যান্ট খুলে পড়ার ভিডিওটি রোববার রাতেই আপলোড করা হয়েছে ‘ক্রিকেটকমএইউ’-র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভাইরাল হতেও তা বেশি সময় নেয়নি।








