রামু প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত বিদায়ী ইউএনওর সংবর্ধনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার বাবু সুব্রত কুমার ধরের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মেধু কুমার বড়ুয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান বলেন, তিনি উখিয়ার সার্বিক পরিস্থিতিকে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে প্রাণবন্ত করে রেখেছিলেন। এখানে ছিল না কোন ভেদাভেদ, ছিল না কোন মনোমালিন্য ও কার্পন্যতা। সবার প্রতি সমান ব্যবহার ও আচরণের মাধ্যমে মানুষের সেবা করার চেষ্টা করেছেন। যার ফলশ্রুতিতে উখিয়ার মতো একটি রোহিঙ্গা অধ্যুষিত জনপদে কোন প্রকার মনোমালিন্য ছাড়া দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে শিক্ষক সমাজ, সাংবাদিক তথা সর্বস্তরের মানুষের সহযোগীতা তাকে মুগ্ধ করেছে। তিনি সকলের দোয়া কামনা করে বলেন, আগামীতে যাতে উত্তরোত্তর সমৃদ্ধির মাধ্যমে আবারো উখিয়া তথা কক্সবাজার জেলার বৃহত্তর মানুষের সেবায় ব্রত হতে পারেন সে কামনা করেন। পরিশেষে বিগত জীবনে তাঁর ভুলত্রুটি ও রূঢ় আচরণে মনোক্ষুন্ন না হওয়ার আহবান জানান
এ সময় বক্তব্য রাখেন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস.এম কামাল উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার মোক্তার আহমদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হারুন অর রশিদ নুরী, মাস্টার মোজাম্মেল হক, মাস্টার হাসান জামাল রাজু প্রমুখ।
এছাড়াও তিনি বিকেল ৪ টায় উখিয়া ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর আবেগাপ্লুত কণ্ঠে বলেন, উখিয়ার সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনকে তিনি যথাযথ সহযোগীতা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তাঁর আয়ত্বে যতদুর পেরেছেন ততটুকু দিয়েছেন। এতে হয়তো অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই বিরক্ত হয়েছেন। তথাপিও তাঁর করার কিছু ছিল না বলে দাবী করে আরো বলেন, সরকারি বাধা-ধরা নিয়মে তাঁর সাধ্যমতো চেষ্টার বদৌলতে উখিয়ায় দৃশ্যমান উন্নয়নের জন্য তাঁর দু’হাত ছিল সম্প্রসারিত।
ইউনাইটেড ক্লাবের সভাপতি ও উখিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এসভায় অনুষ্ঠিত হয়।
এসভায় বক্তব্য রাখেন, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, অধ্যাপক মিলন কুমার বড়ুয়া, সাংবাদিক নুর মুহাম্মদ সিকদার, মাষ্টার হারুনুর রশিদ প্রমুখ

