উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (১৪ এপিবিএন)।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারসহ তিন রাউন্ড গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা। আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও ৮ এপিবিএন যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ।

