কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব ভালুকিয়া তুলাতুলি গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক (২০) ভালুকিয়া তুলাতুলি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার ধানক্ষেতের মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে এনামুলের ফুফুর সঙ্গে পার্শ্ববর্তী শাহজাহানের পরিবারের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ফুফুর মাথা ফেটে আহত হলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহজাহান তার ছেলে রেজাউল, মিজান, অলি উল্লাহসহ অন্যান্যরা বাজার থেকে ফেরার পথে এনামুলের পরিবারের লোকজনের সঙ্গে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে এনামুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে সংজ্ঞাহীন অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার এনামুলকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে নিহতের ফুফুতো ভাই ও একই এলাকার আলী আকবরের ছেলে সাদেক হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জানতে চাইলে রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে এ রকম মর্মান্তিক মৃত্যু কাম্য নয়।
নিহতের চাচা মনজুর আলম বলেন, ‘শাহাজাহান, অলি উল্লাহ, রেজাউল ও মিজান মিলে আমার ভাতিজা এনামুলকে হত্যা করেছে। ’ তিনি খুনিদের কঠোর শাস্তি দাবি করেন।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের কারা হয়েছে।








