সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় বাসচাপায় টমটমের ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) কাস্টমস স্টেশনস্থ এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির আহমদ (২২) ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে। আর নিহত টমটম চালক জাফর আহমদ (৩২) পালংখালীর মৃত আবুল হোসেন মিস্ত্রির ছেলে।
শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, বিলাসবহুল বাস ‘সেন্টমার্টিন’ টেকনাফ যাওয়ার পথে টেকনাফ-কক্সবাজার সড়কের পালংখালী টিভি টাওয়ারের পাশের ঢালুর জায়গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন আরো অন্তত চারজন।
আহতের মধ্যে- নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের (৩২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।








