উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৫শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের দল অভিযান পরিচালনা করলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে উপজেলার রত্নাপালং ইউনিয়নের করবনিয়ার এলাকার চাকবৈঠা গ্রামের সৈয়দ হামজার ছেলে মাে. বােরহান উদ্দিন (১৯) কে আটক করে।
পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে উনিশ হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।








