কক্সবাজার প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও সেনাবাহিনী প্রধানের বলিষ্ঠ নেতৃত্বে দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাব ও সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানের প্রকোপে ক্ষতিগ্রস্ত, অসহায় ও কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর সেবায় দেশপ্রেমিক সেনাবাহিনী শুরু থেকেই নিজেদের সম্পূর্ণরূপে নিয়োজিত করে মাঠ পর্যায়ের যোদ্ধা হিসাবে সম্মুখ সমরে নিয়োজিত রয়েছে।
দেশের ক্রান্তিলগ্নে এই মহা দুর্যোগের সময় তারা নিজেদের ছুটি ও ঈদের আনন্দকে উহ্য করে পরিবারের প্রিয় মানুষদের কাছে না যেয়ে অম্লান মুখে বারবার ছুটে চলেছেন আর্তপীড়িত ও অসহায় মানুষদের দোরগোড়ায়। প্রান্তিক আয়ের মানুষদের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে সেনা সদস্যদের নিজেদের রেশন বাঁচিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি ব্যতিক্রমধর্মী “সেনা বাজার” আয়োজনের ধারাবাহিকতায় ৬ জুন (শনিবার) ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ মাঠে আবারো বিনামূল্যের এই সেনাবাজারের আয়োজন করা হয়েছে।
সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল, আটা, তৈল, লবন, ডাল এবং বিভিন্ন ধরনের তাজা সবজি সম্বলিত এই ব্যতিক্রমধর্মী সেনাবাজারের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, পূর্বের মতো এবারও প্রত্যন্ত এলাকায় প্রান্তিক কৃষকদের নিকট হতে উপযুক্ত মূল্যে সবজি ক্রয় করে বাজারে নিয়ে আসা হয়। প্রতিবারের ন্যায় এবারো দূস্থ ও অসহায় ৫০০ পরিবার বিনামূল্যে এ বাজার হতে সুবিধা গ্রহণ করেন। ৬৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত এই বাজার কার্যক্রম পরিদর্শন করেন ৬৫ ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার, রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
রামু সেনানিবাসের মিডিয়া সমন্বয়ক ও মুখপাত্র মেজর তানজিল এর বরাতে জানা যায়, “আপনাদের সুস্থতাই আমাদের কাম্য” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় করোনা উদ্ভূত পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে সেনাবাহিনীর গৃহীত নানাবিধ কর্মকাণ্ডের ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব পাহাড়, লম্বার ঘোনা, শৈলের ডোবা, ফলিয়া পাড়া, রাজা পালং, গুচ্চগ্রাম থেকে সেনাবাহিনী কর্তৃক হত দরিদ্র মানুষদের তালিকা তৈরী করতঃ বিশেষ টোকেন প্রদান করা হয়।

