উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকা পূর্ব দরগাবিল হতে ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছেন বিজিবির সদস্যরা।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাবিল এলাকার ঠান্ডা মিয়ার বাগানে ৩৪ বিজিবির রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত সাদ্দাম হোসেন (১৯) আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের ছেলে। এসময় কৌশলে পালিয়ে যায় একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০) ও বদিউল আলমের ছেলে মোঃ রফিক মিয়া (২৯)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজুআমতলী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা চোরাকারবারী মায়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করতে পারে। এ সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র ঠান্ডার মিয়ার বাগান পূর্ব দরগার বিল নামক স্থানে গমন করে। পরবর্তীতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কতিপয় ইয়াবা চোরাকারবারীদের ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। তার সাথে থাকা বস্তা তল্লাশী করে চার কোটি আশি ১ লাখ ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ।

