নিউজটি শেয়ার করুন

উঠলো বিধিনিষেধ, খুললো পর্যটন

সিপ্লাস প্রতিবেদক: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১ এপ্রিল থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। দীর্ঘ সাড়ে ৪ মাস পর আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে ফের এসব পর্যটন কেন্দ্রগুলো চালু হচ্ছে।

কক্সবাজার, রাঙামাটি, বান্দরবনসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হোটেল মোটেলসহ পর্যটন ব্যবসায়ীরা।

তবে পর্যটনকেন্দ্রগুলো খুলে দিলেও এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে সরকার। রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। মানতে হবে স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি।

যদি কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। হোটেল মোটেল ও রিসোর্টগুলো সরকারের নির্দেশনা সঠিকভাবে পরিপালন করছে কিনা স্থানীয় প্রশাসন সেগুলো শক্তভাবে মনিটরিং করা হবে।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়ের মঙ্গলবার (১৭ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে সংক্রমণ বৃদ্ধির কারণে আবার এই খাত বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে প্রতিটি পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল ও রিসোর্টকে সরকারি প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পর্যটন কেন্দ্রে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর কোনো ব্যত্যয় হবে না।

সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশের পর্যটনকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে পর্যটকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। পর্যটকদের সচেতন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, স্কাউটসহ অন্যান্যদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করবে। হোটেল, মোটেল ও রিসোর্ট সঠিকভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here