সিপ্লাস ডেস্ক: ব্রিজের কাজ শেষ হওয়ায় সীতাকুণ্ডের কুমিরার ডেড স্টপেজ (যেখানে ট্রেন থামে) ওঠার মধ্যে দিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলে তিনটি ডেড স্টপেজ উঠে গেলো। এর ফলে বুধবার (০৮ জুলাই) থেকে পূর্বাঞ্চলের সব ট্রেন ২০ মিনিট আগে পৌঁছাবে।
প্রতিটি ডেড স্টপেজে লোকোমাস্টারকে ট্রেন থামিয়ে এ কাজ করতে ৬-৭ মিনিট সময় লাগে। এখন তিনটি ব্রিজের কাজ শেষ হওয়ায়, এসব ব্রিজে আর ট্রেন থামতে হবে না। এতে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে একটি আন্তঃনগর ট্রেন ৬ ঘণ্টা লাগলে এখন ডেড স্টপেজ উঠে যাওয়ায় সময় লাগবে ৫ ঘণ্টা ৪০ মিনিট।
রেলওয়ের সাবেক লোকোমাস্টার মো. শামসুদ্দিন মজুমদার বলেন, প্রতিটি ডেড স্টপেজে ৬-৭ মিনিট পর্যন্ত সময় লাগে। তিনটি ডেড স্টপেজ উঠে যাওয়ায় ২০ মিনিট আগে পৌঁছবে ট্রেন।
পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন বলেন, ঢাকার আখাউড়ায় ব্রিজ ৪, ব্রিজ-২ এর কাজ ৩০ জুন ও ১ জুলাই শেষ হয়। আজ সীতাকুণ্ডের কুমিরার ব্রিজ-৫৭ এর কাজ শেষ হওয়ার মধ্যে দিয়ে পূর্বাঞ্চলের তিনটি ডেড স্টপেজ উঠে গেলো। এর ফলে নির্ধারিত সময়ের আগে ট্রেন পৌঁছাবে।








