সিপ্লাস ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। এ বছর জিপিএ-৫ এর শতকরা হার ১১.৮৩ ভাগ। গত বছর এ হার ছিল ৩.৫৪ ভাগ।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর শিক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭। পাশের হার শতভাগ।
গত বছরের ১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের মহামারীর কারণে তা আর নেওয়া যায়নি। সে কারণে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা ছাড়া ফল প্রকাশের জন্য আইনও সংশোধন করতে হয়েছে।
এইচএসসির ফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করে ঘরে বসেই শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
এ ছাড়া ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।








