Site icon CPLUSBD.COM

একদিনের জন্য চবি’র উপাচার্য অধ্যাপক মহীবুল আজিজ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। তবে তার বর্তমান চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের দিন উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। এক দিনের জন্যই এই দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। তবে এতে নিয়োগের কোন সময়সীমা উল্লেখ করা হয়নি।

অফিস আদেশে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ এপ্রিল পূর্বাহ্নে তার মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি এবং ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতার এর অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মােহাম্মদ মহীবুল আজিজকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হলো।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বলেন, ‘উপাচার্যের চাকরির বয়স শেষ হওয়ায় ২৯ এপ্রিল সকালে তিনি অবসর গ্রহণ করবেন। তবে একইদিন বিকালে পুনরায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এসময় তার অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করবেন অধ্যাপক মহীবুল আজিজ।’