রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলায় হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা।
বৃহস্পতিবার (১৫ জুলাই) একদিনে ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ জন।
এছাড়া বুধবার ১৯টি নমুনায় ১৯ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এভাবে জুলাই মাসের গত ১৫ দিনে ২৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এই নিয়ে রাঙ্গুনিয়ায় মোট ৭৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ ৬০০ এবং মারা গেছে ১৬ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে গত কয়েকমাসে রাঙ্গুনিয়ায় সংক্রমণ বেড়েই চলেছে। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে, চিকিৎসাসেবা বিপর্যয়ের মুখে পড়বে। কারণ চিকিৎসক সংকটসহ করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার মতো লজিস্টিক সাপোর্ট নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার ৮০টি নমুনায় ৪২ জনের পজিটিভ হয়েছে এবং মারা গেছেন ৫৫ বছর বয়সী ১ নারী। তার বাড়ি পৌরসভার মুরাদনগরে। এভাবে বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু সাধারণের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। এমনভাবে সংক্রমণ চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের আনাগোনা বেড়েছে। বিভিন্ন এলাকায় বসা গরুর বাজারে ছিল মানুষের উপচে পড়া ভীড়। সড়কে ছিল বাড়তি যানবাহনের চাপ। কোথাও ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে। তাই নিজ তাগিদে সকলকে সচেতন হতে হবে।








