সিপ্লাস ডেস্ক: একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী রোববার (৪ অক্টোবর) থেকে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
সারাদেশের সব কলেজের অধ্যক্ষদের এই ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়।
করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাস শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কলেজকে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত (২৯ সেপ্টেম্বর) নির্দেশনায় বলা হয়, বর্তমানে কোভিড-১৯ এর কারণে আপতত পাঠদান সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় তার উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের আগামী ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
শিক্ষার্থীদেরও ক্লাসে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।








