Site icon CPLUSBD.COM

‘একুশ মানে শুধু ফুল দেয়া, প্রভাতফেরি নয়, কৃতজ্ঞতা প্রকাশের দিন’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাব। গত শনিবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে ক্লাবের জেনারেল আমিন আহম্মদ হলে আয়োজন হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের নেতৃবৃন্দ ও ওমানস্থ বাংলাদেশের কমিউনিটির নেতারা।

আলোচনায় বক্তারা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি শুধু ফুল দেয়া,প্রভাতফেরি কিংবা গান গাওয়ার দিন না। দিনটি হচ্ছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের দিন, ভাষা শহীদদের স্মরণের দিন। পৃথিবীতে একমাত্র আমরাই এক জাতি, যাদের মায়ের ভাষার জন্য নিজেদের জীবন দিতে হয়েছে।

এ সময় বক্তারা আরো বলেন, ‘বর্তমানে প্রবাসে বসবাসরত বাংদেশীদের সন্তানরা বাংলা চর্চা করে না, তারা ইংরেজীতে দৈনন্দিন কথাবার্তা বলে। ইংরেজীর পাশাপাশি মায়ের ভাষা বাংলাটা চর্চা করতে হবে। অন্যথায় ভাষা শহীদদের আত্মা কষ্ট পাবে।’

এতে বক্তব্য রাখেন, সোস্যাল ক্লাবের সহ সভাপতি আজিমুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, কমিউনিটি নেতা-মো.ওয়াদুদ, আবদুল মতিন, সবুজ সিকদার, মো.শাহজান ভূঁইয়া, জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, ইন্জিনিয়ার মোস্তাফা কামাল, মুক্তিযোদ্ধা মো.নোমান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ক্লাবের ট্রেজারার মাওলানা আবদুস সালাম আল কাদেরী।