সিপ্লাস ডেস্ক: এক গাছে দুই ফল। কিন্তু উপরের অংশে ফলবে বেগুন আর মাটির নিচের অংশে আলু। এমন উদ্ভাবনের ফল রীতিমতো বিস্ময়ের খোরাক জাগাচ্ছে সবার মনে। একইগাছে একসাথে বেগুন ও আলু ধরে বিধায়, গবেষক এক্ষেত্রে বেগুনের ইংরেজি পরিভাষা ‘ব্রিঞ্জাল’ আর ‘আলু’ একত্রে নিয়ে গাছটির নাম দিয়েছেন ‘ব্রিঞ্জালু বা বেগুন-আলু।’
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল্লাহ মোহাম্মদ ফারুক ব্রিঞ্জালু’র উদ্ভাবক।
গত বছরের নভেম্বর মাসে শুরু করা এ গবেষণা চলতি মাসে সফলতার মুখ দেখেছে। ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসের গবেষণা মাঠে গবেষণাটি সম্পন্ন হয়েছে।
গবেষক ড. ফারুক জানান, ‘এখানে জোড় কলমের মাধ্যমে আলু ও বেগুন গাছের কলম সৃষ্টি করে একটি স্বতন্ত্রধর্মী গাছে রূপ দেওয়া হয়েছে। গাছটির উপরের অংশে বেগুন ধরবে আর নিচের অংশে আলু।’ বিএডিসি’র সহকারি পরিচালক ফাহাদ উল হক ও আইইউবিএটি শিক্ষার্থী মাহাদী হাসান সংশ্লিষ্ট এ গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন।








