Site icon CPLUSBD.COM

এখন চাইলেই কম বয়সে ক্রিকেটে অভিষেক হবে না!

সিপ্লাস ডেস্ক:  ক্রিকেটে কম বয়সে অভিষিক্ত হয়ে রেকর্ডবুকে নাম লেখানোর দিন শেষ। ১৯৯৬ সালে কোয়েটায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষিক্ত হয়েছিলেন ১৪ বছর ২৩৩ দিন বয়সী হাসান রাজা। ব্যাট হাতে ১১ রান করলেও শুধু ম্যাচ খেলতে নেমেই ইতিহা সের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটারের রেকর্ড এখন তাঁর দখলে। তবে এখন আর চাইলেই কেউ হাসান রাজার রেকর্ড ভাঙতে পারবেন না।

হাসান রাজা ছাড়া রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম ও কুয়েতের মিত ভাবসার ১৫ বছর বয়স হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন। আইসিসির নতুন নিয়মে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও হাসান রাজাদের আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ন্যূনতম ১৫ বছর বয়স না হলে এখন কেউ আইসিসি আয়োজিত কোনো ম্যাচ, টুর্নামেন্ট, এমনকি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও অংশ নিতে পারবে না। খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো খেলোয়াড়ের বয়স ন্যূনতম ১৫ হতে হবে। তবে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে আইসিসির কোনো সদস্যদেশ যদি চায়, ১৫ বছরের কম বয়সী খেলোয়াড় খেলাতে পারবে। সেক্ষেত্রে আইসিসি বেশ কিছু দিক বিবেচনা করে অনুমতি দেবে। এজন্য আইসিসির কাছে আবেদন করতে হবে। এরপর আইসিসি ওই খেলোয়াড়ের অভিজ্ঞতা, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো মানসিক পরিপক্বতা বিবেচনা করে রায় দেবে।