নিউজটি শেয়ার করুন

এনআইডি পাবে ১৬ বছর বয়সীরা

১৬ ও ১৭ বছর বয়সীদের দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

সোমবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. সাইদুল ইসলাম বলেন, দেশের সব নাগরিকেরই এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তবে আমরা বর্তমানে ১০ বছর বয়সীদের এনআইডি দেয়ার লক্ষ্যে কাজ করছি। ধীরে ধীরে সবাইকেই দেয়া হবে। ১০ বছরের বেশি বয়সী সবাইকেই জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রক্রিয়া শুরুর প্রথম ধাপে দেয়া হবে ১৬ বছর বয়সীদের।

তিনি বলেন, এরইমধ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করেছি। তাদের ১০ আঙুলের ছাপ, ছবি এবং চোখের আইরিশের প্রতিচ্ছবিও নেয়া হয়েছে। জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম চলছে। দ্রুততম সময়ে তাদের আমরা এনআইডি দেবো।

এনআইডি মহাপরিচালক বলেন, দেশের সব নাগরিক এনআইডি পেলেও তারা ভোটার হবেন কেবল ১৮ বছর বয়স হলেই।

ভোটার তালিকায় দ্বৈত ভোটার ২ লাখ ৭ হাজার জন রয়েছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এনআইডির মহাপরিচালক। আর খসড়া তালিকা নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন।

সারাদেশে ১০ কোটি ৯৬ লাখ ১শ ৮৭ জন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ১ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার আগে নতুন ভোটাররা ভোট দেয়ার সুযোগ পাবেন না। এছাড়া এবার প্রথমবারের মতো তালিকায় যুক্ত হয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের মোট ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। নতুন হালনাগাদে যুক্ত হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন।

প্রায় ১৪ লাখ মৃত ভোটার বাদ পড়ার পর নতুন তালিকায় ভোটার বাড়ছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। এর মধ্যে নারী ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৪শ’ ২৯ জন। আর ২৭ লাখ ৫২ হাজার ৩২৩ জন পুরুষ। এবারই প্রথম তালিকায় যুক্ত হয়েছে তৃতীয় লিঙ্গের ৩শ’ ৫৩ ভোটার। সব মিলিয়ে খসড়া তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা এখন ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন।

বিকেলে ইসি সচিবালয়ে খসড়া এই তালিকা প্রকাশ করেন জাতীয় পরিচয় নিবন্ধন পরিচালক জানান, চূড়ান্ত তালিকা আসছে ১ মার্চে। তাই ঢাকার দুই সিটিতে ভোট দিতে পারবেন না নতুন ভোটাররা।