Site icon CPLUSBD.COM

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ের যাত্রী পারাপার বন্ধ রাখার পাশাপাশি এবার দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করছে সাম্পান মাঝিরা।

মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) আন্দোলনের ৩য় দিনের সকাল থেকে অনশনে বসে সাম্পান মাঝিরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঘাটে অতিরিক্ত মাশুল আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে ইছানগর বাংলাবাজার ঘাটে ৩ দিন ধরে সাম্পান মাঝিদের আন্দোলন কর্মসূচি চলছে।
মাঝিদের অভিযোগ- চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে সিটি মেয়রকে ১৫ দিন আগে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে তারা ধর্মঘটের ডাক দেন। দ্বিতীয় দিনের মতো বাংলাবাজার ঘাট থেকে সাম্পান চালানো বন্ধ রাখেন মাঝিরা।

চসিক ইজারা না দিলে একজন কর্মকর্তার মাধ্যমে জনপ্রতি ২ টাকা করে টোল আদায় করার নিয়ম রয়েছে। কিন্তু চসিক তা না করে স্থানীয় লোক দিয়ে টোল আদায় করছে। তারা ২ টাকার স্থলে ৫ টাকা করে নিচ্ছে।

কর্ণফুলী নদীর বাংলাবাজার সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, কর্ণফুলীতে যত ঘাট আছে, সব চসিক ইজারা দেয়, মাঝিরা নেয়। মাঝিরা যাত্রী প্রতি দুই টাকা করে চসিকের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে এক টাকা করে চসিককে দেয়। কিন্তু বাংলাবাজার ঘাটটি চসিক ইজারা না দিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে দিয়েছে। তারা চাঁদা তুলে কিছু চসিককে দেয়। আর কিছু ওরা নেয়। এটি নিয়ে সরাসরি মেয়রকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মেয়র সেটা পাসও করেছেন। এরপরও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি বলেন, ঘাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলন কর্মসূচিতে মঙ্গলবার সকাল থেকে ইছানগর  ইছানগর বাংলাবাজার ঘাটে সাম্পান মাঝিরা অনশন ধর্মঘট পালন করছেন।