Site icon CPLUSBD.COM

এবার তারাবি নামাজ ঘরেই পড়ুন: প্রধানমন্ত্রী

মসজিদে আপাতত জামাতে নামাজ না পড়ার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলোও মেনে চলতে বলেছেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গণভবন থেকে ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সরকারপ্রধানের এ আহ্বান আসে।

তিনি বলেন, “সামনে রোজা। এই রমজান মাসে আমাদের পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর যাতে অসুবিধা না হয়, সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ, যেহেতু সৌদি আরবেও মসজিদে পড়ছে না, কিংবা অন্যান্য দেশে হচ্ছে না। আমাদের এখানেও, যেহেতু ইসলামিক ফাউন্ডেশন কতগুলো নির্দেশনা দিয়েছে, সেগুলো আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। নিজের মন মত করে পড়েন।”

নভেল করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ অতি সংক্রামক বলে বিশ্বজুড়ে এখন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। জন সমাগম এড়িয়ে চলার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যেও অন্তত তিন ফুট দূরত্ব থেকে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

ধর্মীয় উপাসনালয়ের জমায়েত থেকে বড় আকারে করোনাভাইরাসের বিস্তার ঘটছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফ্রান্স ও ভারতে। দেশে দেশে লকডাউনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতের পাশাপাশি জনসমাগমের অন্যতম জায়গা ধর্মীয় উপাসনালয়গুলোও বন্ধ রাখা হয়েছে।