সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার চট্টগ্রাম-৮ আসন প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের আসনে এবার নৌকার মনোনয়ন দেয়া হয়েছে আ.লীগের মোছলেম উদ্দিন আহমদকে ।
গত ৩ বারই এ নৌকার দাবিদার অনেকেই হলেও তা দখলে ছিল জাসদেরই হাতে। এবার এ টিকেট পেলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
দলের সভানেত্রী ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদকে আ.লীগের দলীয় নৌকা প্রতীক দেয়া হয় বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।
পার্লামেন্টারি বোর্ডে থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফও জানিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন মোসলেম উদ্দিন আহমদ ।
মোসলেম উদ্দিন আহমদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে দীর্ঘদিন তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের ৩ বারের সাংসদ মঈন উদ্দিন বাদলের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। গত ১ ডিসেম্বর নির্বাচন কমিশন ২০২০ সালের ১৩ জানুয়ারি উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তারিখ অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ ডিসেম্বর ও ২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।








