Site icon CPLUSBD.COM

এবার মহেশখাল পরিষ্কারে নেমেছেন চসিক প্রশাসক সুজন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মহেশখাল পরিষ্কার ও মশা নিধনের কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় চসিক প্রশাসক বলেন, আমরা আজ পরিষ্কার করে যাচ্ছি পরবর্তীতে আমরা আর পরিষ্কার করব না। যদি ময়লা দেখি যার ময়লা তাকে নিজ হাতে তুলে পরিষ্কার করতে হবে এবং জরিমানাও করা হবে। এই মহেশখাল আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন করে পানির ধারণক্ষমতা বাড়িয়ে এলাকায় জলাবদ্ধতা মুক্ত করার জন্য কাজ করছি। জলাবদ্ধতার কারণে কিছু লোকজন এই খালকে ডাস্টবিন বানিয়ে তুলেছে। বাড়িওয়ালারা বাড়ি ভাড়া নেয় কিন্তু ময়লা ফেলার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই খালে ময়লা ফেলায় মশার উপদ্রব অনেক বেড়েছে। একবার দুইবার তিনবার এরপরেও যদি কাজ না হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন দয়াকরে আপনারা বাসার ময়লা আর্বজনা নালা-খালে ফেলবেননা। নিজ বাড়ির সামনে আমাদের কন্টেইনারে রাখবেন। আমাদের ডোর টু ডোর সেবকরা গিয়ে আনবেন। যদি সিটি কর্পোরেশনের সেবকরা না যায় আমার মোবাইলে কল দিবেন এবং সিটি কর্পোরেশনের কল সেন্টারে কল দিবেন।

তিনি বলেন এ নগরী আপনার আমার সকলের। এ নগরী পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যথাসাধ্য আপনাদের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইল হোসেন, এরশাদ আমীন, কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার এনামুল হক বাবলুসহ স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।