নিউজটি শেয়ার করুন

এবার যুক্তরাষ্ট্রকে কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন

সিপ্লাস ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রকে কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন। মার্কিন কর্তৃপক্ষ টেক্সাসে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়ায় বেইজিংও পাল্টা ব্যবস্থা নিল।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার (২৪ জুলাই) সকালে শিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন।

এ দিন এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চেংদুতে মার্কিন কনস্যুলেট জেনারেলের সব ধরনের কার্যক্রম ও প্রক্রিয়ার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন। সেই সঙ্গে কনস্যুলেটটির সব ধরনের বাণিজ্য এবং অন্যান্য কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে বিবৃতিটিতে জানানো হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়।

একইদিন রাতে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গোপন নথি পুড়াতে গিয়ে আগুন লাগার এই ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার্কিন পুলিশ। তবে তাদেরকে কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরদিন বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয়।

এই ঘটনায় পাল্টা ব্যবস্থা নেয়ার কড়া হুমকি দেয় চীন। এক দিন পরেই চেংদুর মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ আসল। এদিকে বৃহস্পতিবার সান ফ্র্যান্সিসকোর চীনা কনস্যুলেট থেকে চারজন কর্মীকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা। ভিসায় চীনা সামরিক বাহিনীর পরিচয় গোপন করা অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।