নিউজটি শেয়ার করুন

এবার সেই অপহৃত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন ভুমি মন্ত্রীর ভাই রনি

এবার সেই অপহৃত সাংবাদিক গোলাম সারওয়ারের বিরুদ্ধে ১০০কোটি  টাকার ক্ষতিপূরণ ও মানহানির মামলা করেছেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি।

গত ৯ডিসেম্বর চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রণির পক্ষে দুটি মামলা (সিআর কেইস নং২১৭০ ও মানি সুট মামলা নং ১৫২০) দায়ের করেন জনৈক কাজল কান্তি দে।

মামলায় অনলাইন সংবাদপত্র চট্টগ্রাম প্রতিদিন’র সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে ১ ও ২নং এবং সিটি নিউজের(City news) নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সারওয়ারকে ৩নং বিবাদি করা হয়েছে।

মামলা দুটির এজাহারে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর অনলাইন সংবাদপত্র চট্টগ্রাম প্রতিদিন’ এ  করা একটা রিপোর্টে আনিসুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ করায় বাদী পক্ষের ১০০কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে এবং একই সাথে মানহানি হয়েছে।

এদিকে মামলা দুটির একটি তদন্ত করার জন্য পিবিআইকে দ্বায়িত্ব দেয়া হয়েছে এবং অন্যটিতে বিবাদীদের বিরুদ্ধে সমন ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার পিবিআই তাদের কার্যালয়ে ডেকে ৩বিবাদীকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান অপহরণের শিকার সাংবাদিক গোলাম সারওয়ার।

এই দিন সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল পিবিআই কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে মামলাগুলোর সঠিক তদন্ত পূর্বক বিচার দাবী করেন এবং অহেতুক যেন সাংবাদিকরা হয়রানির শিকার না হয় সেজন্য পিবিআই এর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

মামলার বিষয়ে অপহরণের শিকার সাংবাদিক গোলাম সারওয়ার সিপ্লাসকে বলেন, আমি আমার সিটি নিউজে (CTnews) যথেষ্ট প্রমান রেখে রিপোর্ট করেছি।আমি কারো মানহানি করিনি।  তাই আমার নামে মামলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি। আর যে ১০০কোটি টাকার ক্ষতি পূরণ মামলা করা হয়েছে সেই ক্ষতিপূরণ আমাকে ১শ কোটিবার বিক্রি করলেও দিতে পারবোনা।

গোলাম সারওয়ার মামলা তার বিরুদ্ধে করা দুটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, সাংবাদিক সত্যের পক্ষে কলম ধরে। আমিও সত্যের পক্ষে আছি। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ২৯ অক্টোবর সকাল থেকে অপহরণের শিকার হন সাংবাদিক গোলাম সরওয়ার। এ ঘটনায় ওইদিন রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।

গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।

১ নভেম্বর সন্ধ্যায় অপহরণের শিকার সাংবাদিক গোলাম সরওয়ারকে মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ফেলে যায় অপহরণকারীরা।

উদ্ধারের পর ৪ নভেম্বর কোতোয়ালী থানায় সাংবাদিক গোলাম সরওয়ার বাদি হয়ে অপহরণ করে নির্যাতনের ঘটনায় আরেকটি মামলা দায়ের করেন।