Site icon CPLUSBD.COM

এবার সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজারে’ সহায়তা পেলেন ২ হাজার পরিবার (ভিডিওসহ)

জিয়াউলহক ইমন: করোনা দুর্যোগময় সময়ে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে আগের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এক মিনিটের বাজারে দুই সহস্রাধিকের বেশী দুস্থ ও কর্মহীন পরিবারের জন্য বিনামূল্যে বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ‘১ মিনিটের বাজার’ উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী।

এক মিনিটের বাজারে খাদ্য সহায়তা পেয়ে বেশ কয়েকজন সেবা গ্রহীতা তাদের সন্তুষ্টির কথা জানান।

তারা বলেন, সুশৃঙ্খলভাবে প্রয়োজনীয় পণ্য যেমন মাস্ক, সাবান, চালসহ বিভিন্ন রকমের মৌসুমী সবজি দিয়ে সেনাবাহিনী আমাদের জীবন চলাচলে সহায়তা করায় তাদের ধন্যবাদ।

৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের উপ-মহাপরিচালক কর্ণেল আবুল হাসনাত মো.সায়েম সিপ্লাসকে জানান, করোনার কর্মহীনদের মাঝে প্রায় ২০ হাজার পরিবারকে টার্গেট করে আমাদের চলমান ‘১ মিনিটের বাজার’ চলছে। আজ (মঙ্গলবার) তৃতীয়বারের মতো ‘১ মিনিটের বাজার’ সম্পন্ন হয়েছে। যেখানে দুই হাজারেরও বেশী মানুষকে এই সহায়তা দিয়েছি। ঈদের পরেও কর্মহীনদের মাঝে আরো ৭/৮ টি ‘১ মিনিটের বাজার’ করার পরিকল্পনা আছে। এছাড়াও  প্রায় ৩ হাজার নিম্ন আয়ের মানুষদের জন্য শাড়ি, লুঙ্গি, গামছা, সেমাই, চাল, ডাল, মাংস ইত্যাদি সামগ্রী নিয়ে আগামী ২১ ও ২৩ মে ফ্রি ‘১ মিনিটের ঈদ বাজার’ বসবে বলেও জানান তিনি। যাতে অসহায় ও দরিদ্ররা এই দুর্যোগময় সময়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের মেজর সাইদ সিপ্লাসকে বলেন, চট্টগ্রামের  বিভিন্ন এলাকায় ও পথে পথে অসহায়, নিম্নআয়ের হতদরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে করোনাভাইরাস এর বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সরকারের নির্দেশনা মোতাবেক সবাই যেন বাসায় অবস্থান করেন সে বিষয়ে সচেতন মূলক কার্যক্রম চলমান আছে। হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের বিষয়েও আমাদের তৎপরতা চলমান রয়েছে।

তাছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রাম শহরের সড়কসমূহে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রমও  অব্যাহত আছে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

প্রসঙ্গত: সেনাবাহিনীর ‘১ মিনিটের বাজার’  প্রথমবার  জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে ও দ্বিতীয়বার নগরীর আগ্রাবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় শত শত অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনাবাহিনী।

বিস্তারিত দেখতে নিচে দেয়া ভিডিও লিঙ্কটিতে প্রবেশ করুন।