দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত হচ্ছে ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। গত ১ জুলাই, অর্থৎ অর্থবছরের শুরু থেকেই এ সিদ্ধান্ত কাযকর হবে।
প্রধানমন্ত্রী বলেন, “নীতিমালা করে সেটা যাচাই বাছাই করে তালিকাটা প্রণয়ণ করা হয়েছে।… ২৭৩০টি প্রতিষ্ঠানকে আমরা এমপিভুক্ত করেছি।”
শিক্ষা মন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে ।
সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার। এরপর দীর্ঘদিন এমপিওভুক্তি বন্ধ থাকায় আন্দোলন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা।
এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান।
এ জন্য প্রথমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয় এবং শর্ত পূরণের ভিত্তিতে সেই প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকরা এমপিও তালিকায় আসেন।
গণভবনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “যারা এমপিওভুক্তি চান, তাদের সে নির্দেশনাগুলো মানতে হবে। যাদেরকে এমপিওভুক্ত করলাম, তাদের কাছেও আহ্বান থাকবে- নীতিমালা অনুযায়ী সব নির্দেশনা পূরণ করতে পেরেছেন বলেই এমপিওভুক্ত হয়েছেন। এটা ধরে রাখতে হবে।”
কেউ তা ধরে রাখতে ব্যর্থ হলে এমপিও বাতিল হবে বলেও হুঁশিয়ার করেন সরকারপ্রধান।
তিনি বলেন, “এমপিওভুক্ত হয়ে গেছে, বেতন তো পাবই, তাহলে আর ক্লাস নেওয়ার দরকার কী, পড়ানোর দরকার কী- এ চিন্তা করলে চলবে না।”

