নিউজটি শেয়ার করুন

এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত বন্ধ থাকবে মসজিদে হারাম ও নববী

চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের ৮৪ দেশ ও অঞ্চলে। বিশ্বজুড়ে এ ভাইরাস প্রাণ কেড়েছে শত শত প্রাণ। কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকেই সব ওমরাহ যাত্রা বাতিল করেছে সৌদি আরব। এবার ফজর ও এশার নামাজের সময় দেশটির মদিনার মসজিদে নববী এবং মক্কার মসজিদে হারাম বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিনই এশার নামাজের এক ঘণ্টা পর বন্ধ যাবে এ দুই মসজিদ, আর ফজরের এক ঘণ্টা আগেই খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রতিরোধে সর্বশেষ পূর্ব সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেয়া হয়। আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

সৌদি আরবের এক কর্মকর্তা বলেন, অস্থায়ী প্রতিরোধ পদক্ষেপ হিসেবে ব্যাপক পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে, যা নজিরবিহীন। তবে ওপরের ফ্লোরগুলো নামাজের জন্য খোলা থাকবে।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তাওয়াফের স্থান মাতাফ একেবারে জনশূন্য হয়ে পড়েছে।

ওমারাহ পালনে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আগ পর্যন্ত কাবা শরিফের যেখানে হাজিরা সাত বার তাওয়াফ এবং সাফা ও মারওয়ার যেখানে মুসলমানরা সা’ই করেন, তা বন্ধ রাখা হবে।

বর্তমানে মসজিদে খাবার ও পানীয় নিয়ে আসা একেবারেই নিষিদ্ধ। আর জমজমেও এখন যাওয়া বন্ধ রাখা হয়েছে। মসজিদে নববীতে রাসুলের (সা.) রওজা মোবারক, আমিরুল মুমেনিন হযরত আবু বকর (রা.) ও হযরত ওমরের (রা.) কবরস্থানও আপাতত বন্ধ থাকছে।