সিপ্লাস ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দেশের অন্যতম সংগীতশিল্পী এসআই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি নিজেই ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই খবর দেন।
উপসর্গ দেখা দেয়ায় তিন দিন আগে তিনি নমুনা জমা দেন। এদিন পজিটিভের খবর পাওয়ার পর শ্রোতাদের কাছে দোয়া চেয়েছেন।
টুটুল নিজের পেজে লিখেছেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি।’
‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও।’
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে এসআই টুটুল কাজ করে চলেছেন নিরলস। ৯০ দশকে ব্যান্ড এলআরবি’র মাধ্যমে রাজকীয় উত্থান হয় তার। এরপর ব্যান্ড ছেড়ে গড়েন একক ক্যারিয়ার। টুটুল এলআরবি থেকে ২০০৫ সালে বের হয়ে ‘ফেস টু ফেস’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। পরে সেটি ‘ধ্রুবতারা’ নামে পরিবর্তিত হয়। সফলতা আসে সেখানেও। এই ব্যান্ড নিয়ে ২০০৮ সালে প্রকাশ করেন ‘দুঃখপোকা’ অ্যালবাম। এরপর লম্বা বিরতি। দেশ বিদেশে স্টেজ শো, চলচ্চিত্র আর অডিওতে সংগীত পরিচালনা করেছেন।
দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে টুটুল তার নতুন গান ‘মেঘ বিবাগী হলে’ নিয়ে আসেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।








