নিউজটি শেয়ার করুন

ওআর নিজাম রোডের সিএসটিসি ক্লিনিকে ছয় মাস আগে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়া হল নবজাতককে

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বেসরকারি একটি ক্লিনিকে নবজাতককে মেয়াদোর্ত্তীণ স্যালাইন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর নবজাতকের বাবা তানভীর নেওয়াজ পাঁচলাইশ থানায় ওআর নিজাম রোডের সিএসটিসি নামের বেসরকারি একটি ক্লিনিকের বিরুদ্ধে শনিবার সাধারণ ডায়েরি করেছেন।

নগরীর মাইলের মাথা এলাকার বাসিন্দা তানভীর  বলেন, গত বৃহস্পতিবার তার স্ত্রী সিএসটিসি প্রাইভেট ক্লিনিকে স্বাভাবিকভাবেই পুত্র সন্তানের জন্ম দেন।

তিনি বলেন, “সাধারণ কেবিনে নেওয়া হলে ক্লিনিকের একজন শিশু বিশেষজ্ঞ আমার সন্তানকে দেখে তাকে অ্যান্টিবায়োটিক, স্যালাইন দেওয়া ছাড়াও বিভিন্ন পরীক্ষা করাতে বলেন।

“বৃহস্পতিবার রাতেই নবজাতকের শরীরে একটি স্যালাইন পুশ করা হয়। এরপরও শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষকে জানালে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে ফোনে কথা বলে ক্লিনিকের এনআইসিইউতে ভর্তির পরামর্শ দেয়।”

তানভীর নেওয়াজের অভিযোগ, “তাদের চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে আমি অপর একজন শিশু চিকিৎসককে ডাকলে তিনি এনআইসিইউ’র প্রয়োজন নেই বলে জানান।

“শুক্রবার নবজাতকের শরীরে দেওয়া স্যালাইনের প্যাকেট পরীক্ষা করে দেখি তার মেয়াদ ২০২০ সালের এপ্রিল মাসে উত্তীর্ণ হয়েছে। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানালেও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। সেকারণে থানায় লিখিত অভিযোগ করেছি।”

এ ব্যাপারে সিএসটিসি ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, একটা অভিযোগ এসেছে।

“তদন্ত করে সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনদিনের নবজাতককে বর্তমানে প্রবর্তক মোড়ের আরেকটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”