সিপ্লাস ডেস্ক: নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে যারা কালোবাজারি করছেন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সব জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) কাছে পাঠানো চিঠিতে মন্ত্রী এই নির্দেশ দেন বলে শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠিতে খাদ্যমন্ত্রী বলেন, “বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ দেখা দিয়েছে এবং প্রতিরোধে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
“গত ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য ওএমএস খাতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকার স্থলে ১০ টাকা নির্ধারণ করার ঘোষণা দেন।
“এর প্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ওএমএস খাতে চালের মূল্য কেজি প্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়। সাধারণ ছুটির কারণে গৃহে অবস্থানকারী সাধারণ শ্রমজীবী, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে ও অন্যান্য সকল কর্মহীন মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম গ্রহণ করে।”
চিঠিতে খাদ্যমন্ত্রী বলেন, “ইদানিং কিছু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে কতিপয় ব্যক্তি ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করছে, যা এই কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করছে।”
দেশের বিভিন্ন জায়গায় ওএমএসের চালসহ কয়েকজনের ধরা পড়ার কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন।
ওএমএস কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা শহর এবং পৌরসভাগুলোতে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।
বিভাগীয় ও জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি ও তদারকিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
একজন ভোক্তা সপ্তাহে একবার পাঁচ কেজি চাল কিনতে পারছেন।
ওএমএস কেন্দ্রগুলো নিম্ন আয়ের জনগোষ্ঠী, শ্রমজীবীদের বসবাস কেন্দ্রের নিকটস্থ বস্তি এলাকায় অথবা পর্যাপ্ত খালি জায়গা আছে এমন স্থানগুলোকে অস্থায়ী বিক্রয় কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








