নিউজটি শেয়ার করুন

ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই: কাদের মির্জা

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ প্রকাশ করে ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই। আপনি পদ-পদবির জন্য মেনে নিতে পারেন, আমি মেনে নেবো না।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে বসুরহাটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় বসুরহাটের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন কাদের মির্জা।

তিনি বলেন, আমার রাজনীতির উৎসাহদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই রত্ন সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। এরা দেশকে ভালোবাসেন। আমি তাদেরকেই অনুসরণ করি।

বসুরহাট পৌসভার মেয়র বলেন, আমি মুজিবশতবর্ষ পালনের জন্য মেলা ও সাংস্কৃতিক মঞ্চ করেছি। বাদল-রাহাতের নেতৃত্বে সোমবার (৮ মার্চ) রাতে অস্ত্রধারীরা সেটা ভেঙে দিয়েছে। তারা সিসি ক্যামেরা ভেঙেছে, অস্ত্রহাতে দোকান-অফিস ভাঙচুর করেছে।

তিনি বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দিয়েছে। এ হত্যাকাণ্ডকে কেউ কেউ ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। জজ মিয়া নাটকের ষড়যন্ত্র চলছে। আমি সেটা মানবো না।

কাদের মির্জা দাবি করেন, সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনা এনএসআই/ডিজিএফআই দিয়ে তদন্ত করতে হবে। তা নাহলে ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে আমি জনগণকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলবো।

তিনি বলেন, কোম্পানীগঞ্জে আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকলেও একটি পক্ষ প্রশাসনের ছত্রছায়ায় নানা অপকর্ম করে যাচ্ছেন। আমাকে আমার নেত্রী (শেখ হাসিনা) বলেছে, তুমি চুপ থাকো, আমি বিষয়টা দেখছি। এজন্য আমি কোনো কর্মসূচি দেইনি। ৭ মার্চের অনুষ্ঠান শুধু ফুল দিয়ে কর্মসূচি শেষ করেছি।