নিউজটি শেয়ার করুন

ওমানে বাংলাদেশীদের স্বেচ্ছায় রক্তদান কাল, নানা প্রস্তুতি সোস্যাল ক্লাবের

মাস্কাট(ওমান) প্রতিনিধি: ওমানে বাংলাদেশীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান। কাল শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রুই সিবিডিস্থ ক্লাবের মিলনায়তনে কর্মসূচির আনুষ্টানিক উদ্বোধন করবেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন আমিন জানান, ওমানের কেন্দ্রিয় ব্লাড ব্যাংককে দান করা হবে সংগৃহীত রক্ত। রক্ত সংগ্রহে নিয়োজিত থাকবেন ওই ব্লাড ব্যাংক। যারা স্বেচ্ছায় রক্তদান করবেন তারা ফ্রিতে সোস্যাল ক্লাবের সদস্যপদ পাবেন (রেজিষ্ট্রেশন ফি ও তিন মাসের সদস্য ফি ১১ রিয়াল দিতে হবে না)।

এছাড়াও রক্তদাতাদের জন্য গালফ এক্সচেন্জের সৌজন্যে থাকছে আকর্ষণীয় গিফট সামগ্রী। মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সভাপতি সিরাজুল হক বলেন, ওমানে বর্তমানে সবচেয়ে সংখ্যায় প্রবাসী বেশি বাংলাদেশীরা। ওমানকে রক্তদান করে আমরা জানিয়ে দেব আমরা শুধু সংখ্যায় নয়, মানবিকতায়ও সবার উপরে। ওমানে বসবাসরত সকল প্রকার বাংলাদেশীদের আমন্ত্রণ জানাচ্ছি।’ এদিকে সোস্যাল ক্লাবের এমন মহতি উদ্যোগ সর্বত্র প্রশংসিত হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেরা উপস্থিত হয়ে রক্ত দানের কথা জানিয়েছেন বহু ওমান প্রবাসী যুবক। ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য ওমান প্রবাসী জুবায়ের বলেন,’ দেশে বহুবার রক্ত দান করেছি। কালকের প্রোগ্রামে গিয়েও রক্তদান করবো ইনশআল্লাহ। জুবায়েরের মতো বহু ওমান প্রবাসী মুখিয়ে আছেন রক্তদান করতে। ওমান সরকারের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে এটি একটি মূখ্য সুযোগ বলে মন্তব্য তাদের।