Site icon CPLUSBD.COM

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী নিহত

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো একজন।
রবিবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় রাজধানী মাস্কাট থেকে তিনশ কি.মি দূরে আদম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওমানস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত চারজনের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন সিলেটের মৌলভীবাজার খুলাওড়া তেলিবিল ইউনিয়নের শহিদ আলীর ছেলে সবুর আলী (৪০) ও সিলেট মৌলভীবাজার খুলাওড়া হাজিপুর ইউনিয়নের বাইলেরপাড় গ্রামের মুসলেম আলীর ছেলে মো.লিয়াকত আলী (৪৫)।
নিহত অপর দুই বাংলাদেশীর নাম পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।
গুরুতর আহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের রাউজানে।
দূতাবাস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেল চালিয়ে আদম আল বুসাঈদি নামক স্থানে একটি বাইপাশ সড়ক ধরে কাজ শেষে ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেট গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হয়। গাড়িটির চালক ছিলেন ওমানি এক নারী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহত ব্যক্তিকে নেজুয়া হসপিটালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় থানা পুলিশ বাংলাদেশ দূতবাসকে বিষয়টি অবহিত করলে, দূতাবাসের একটি টিম আজ (সোমবার) সকালে সেখানে পৌঁছায়।
জানা যায়, নিহতরা সারাদিন ডিউটি শেষ করে ক্লান্ত হয়ে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে প্রবাসে এসে এমন করুণ মৃত্যুতে শোকে স্থব্ধ ওমানে বসবাসরত বাংলাদেশীরা।